বিরল দর্পণ ডেস্ক : বিরল উপজেলা জুড়ে পুরো দমে চলছে বোরো ধান চাষ। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও বীজ তোলা হচ্ছে, কোথাও আবার চলছে বোরো ধান রোপণের কাজ। তবে হালের খরচ বৃদ্ধি, সেচ, সার ও কীটনাষকের উচ্চ মূল্য নিয়ে কৃষকের যেমন অভিযোগ রয়েছে, তেমনি ধানের দাম না পাওয়ার আক্ষেপও আছে!
দিনাজপুর জেলায় এবার ১ লাখ ৭৪ হাজার ৭২২ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। সেচ নির্ভর এই বোরো ধান আগামী ১৫ মার্চ পর্যন্ত রোপনের সময় আছে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা পুরো দমে ব্যস্ত বোরো চাষে।
বিসিআইসি ও বিএডিসি ডিলারের মাধ্যমে সার পাওয়া গেলেও চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি এক বিঘা জমি চাষ দিতে খরচ যাচ্ছে প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা। এছাড়াও সেচের জন্য ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা গুনতে হচ্ছে।
কৃষকরা বলছেন, মৌসুম শেষে বোরো চাষের খরচ উঠাতেই হিমশিম খেতে হয় তাদের। তবে কর্মকর্তারা আশা করছেন আবহাওয়া অনুকুলে থাকলে এবার বোরো ধান আবাদের লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে।
নতুন সরকার কৃষকের ফসল উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ধানের ন্যয্য মুল্য নিশ্চিত করবে এমনটা আশা করছে কৃষকরা।