বিরল দর্পণ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্রপাচার’সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম এলাকা থেকে ০৮ পুরিয়া গাঁজা এবং ০১টি অটোরিকশা’সহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ কাইছার আলী (৬৫), উপজেলার এম নাগরবাড়ী গ্রামের মৃত সজি মাহমুদ এর ছেলে।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী মোঃ কাইছার আলী’কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০/- টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে গাঁজা এবং অটোরিকশা’সহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পৃথক আরেকটি অভিযানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৭/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া গ্রাম নামক স্থান হতে রবিবার (০১ মার্চ) মধ্যরাত ৩টা ১০ মিনিটের দিকে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত মাদকদ্রব্য ও অটোরিকশা এর সর্বমোট সিজার মূল্য-১,৩০,৪০০/- (এক লক্ষ ত্রিশ হাজার চারশত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।